Sunday, October 14, 2012

কম্পিউটারের বাজার খেয়ে ফেলছে ট্যাবলেট-স্মার্টফোন

কম্পিউটারের বাজার খেয়ে ফেলছে ট্যাবলেট-স্মার্টফোন মুহাম্মদ শরীফ হোসেন
কম্পিউটার হারিয়ে যায়নি, তবে প্রযুক্তি বিশ্বে রাজত্ব হারিয়েছে। যে রাজত্ব এখন ট্যাবলেট এবং স্মার্টফোনের দখলে। ২০০৯ সালে মাইক্রোসফট ছিল বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠান, সেই স্থানটিই এখন দখল করে নিয়েছে অ্যাপল এবং গুগল। তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে মাইক্রোসফটকে। এমনকি একসময়ের জায়ান্ট হিউলেট-পেকার্ড (এইচপি) এবং ডেল এখন বিক্রি কমার আতঙ্কে ভুগছে। যেখানে বাজার করে নিচ্ছে ট্যাবলেট ও স্মার্টফোন।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানায়, জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে মোট পিসি বিক্রি হয় ৮৭ দশমিক ৮ মিলিয়ন ইউনিট, যা আগের বছরে একই সময়ের তুলনায় ৮.৬ শতাংশ কম। ২০১১ সালের তৃতীয় প্রান্তিকে পিসি বিক্রি হয় ৯৬ দশমিক ০৮ মিলিয়ন ইউনিট। যদিও আইডিসির পূর্বাভাস ছিল বিক্রি ৩.৮ শতাংশ কমবে। প্রতিষ্ঠানটি বলছে, বিক্রি কমার কারণ বিশ্বমন্দার পাশাপাশি ক্রেতাদের ট্যাবলেট এবং স্মার্টফোনের দিকে ঝোঁকা।
আইডিসির সিনিয়র বিশ্লেষক জে চুউ বলেন, পিসির বাজার দ্রুত পড়ছে। তিনি বলেন, দ্বিতীয় প্রান্তিকে বাজার বড়ভাবে পড়বে_এমন আশঙ্কা ছিল, এখন তৃতীয় প্রান্তিকেও বড় ধরনের ধাক্কা এসেছে। আইডিসির আরেক বিশ্লেষক ডেভিড দাউদ বলেন, পিসির বাজার খেয়ে ফেলছে দ্রুত ক্রেতাদের পছন্দ হওয়া ট্যাবলেট। তবে তাঁর মতে, বিশ্ব অর্থনীতি শ্লথ হওয়ার কারণেও পিসির বাজার কিছুটা কমেছে। আইডিসি কোনো পরিসংখ্যান না দিয়ে জানায়, জাপান ছাড়া এশিয়ার দেশগুলোয় বছরের তৃতীয় প্রান্তিকে পিসি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। আইডিসির পূর্বাভাস অনুযায়ী এ বছর পিসি বিক্রি হয়েছে ৩৬৭ মিলিয়ন ইউনিট।
অন্যদিকে ক্রেতাদের দ্রুত পছন্দসই হয়ে ওঠা ট্যাবলেট নিয়ে বিশ্লেষকরা বলেন, চলতি বছর ট্যাবলেটের বাজার ১০ কোটি ছাড়াবে। গবেষণা প্রতিষ্ঠান এবিআই জানায়, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ট্যাবলেট শিপমেন্টে নতুন রেকর্ড হয়। প্রতিষ্ঠানটির বাজার গবেষণায় দেখা যায়, বছরের দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট চালান হয় প্রায় দুই কোটি ৫০ লাখ ইউনিট, যা আগের প্রান্তিকের চেয়ে ৩৬ শতাংশ বেশি এবং এক বছর আগের একই সময়ের চেয়ে ৭৭ শতাংশ বেশি। এবিআইয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী মোট চালানের ৬৯ শতাংশই হয়েছে অ্যাপলের আইপ্যাড। এবিআই বিশ্লেষক জেফ ওর বলেন, ২০১০ সালে যেখানে সব কম্পানির মিলে ট্যাবলেট চালান হয় ১৭ দশমিক ৩ মিলিয়ন, সেখানে শুধু চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপল একাই ১৭ মিলিয়ন চালান করেছে, যা নিঃসন্দেহে ট্যাবলেটের বাজার নিয়ে একটি চমকপ্রদ তথ্য। ওর বলেন, ২০১২ সালে বিশ্বব্যাপী ট্যাবলেট ১০ কোটি ২০ লাখ থেকে ১১ কোটি চালান হবে।
এবিআই গবেষণা প্রতিষ্ঠানের মতে, ২০১৬ সাল নাগাদ ট্যাবলেট কম্পিউটার নোটবুক পিসির বাজার অতিক্রম করবে। কারণ ক্রেতারা এখন অ্যাপলের আইপ্যাডের দিকে ঝুঁকছেন। গবেষণা প্রতিষ্ঠান পিউর জরিপে দেখা গেছে, আমেরিকান বয়স্কদের ৮৫ শতাংশের একটি সেলফোন রয়েছে। ৪৫ শতাংশের একটি স্মার্টফোন রয়েছে এবং ১৮ শতাংশের ট্যাবলেট কম্পিউটার রয়েছে।
স্মার্টফোনের বাজারেও চলছে এখন রমরমা ব্যবসা। গত মাসে বাজারে এসেই অ্যাপলের আইফোন-৫ বিক্রি হয়েছে ৫০ লাখ ইউনিট। এ ছাড়া ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ড এখন অ্যাপল। যে অর্জন এসেছে স্মার্টফোনের বাজার থেকে। এ ছাড়া স্মার্টফোন বিক্রি করে এখন স্যামসাং মোবাইল ফোনের সবচেয়ে বড় কম্পানি হয়ে উঠেছে।
তবে পিসির এ মন্দা বাজারেও কিছু কম্পানি টিকে থাকার লড়াই করছে। সবচেয়ে বেশি বিক্রি করে মার্কেট শেয়ার ১৫.৯ শতাংশ ধরে রেখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কম্পানি এইচপি। দ্বিতীয় পর্যায়ে রয়েছে চীনা কম্পানি লেনোভো। যার মার্কেট শেয়ার ১৫.৭ শতাংশ। অন্যদিকে মার্কেট শেয়ার ১০.৮ শতাংশ দিয়ে বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে ডেল। এএফপি।Shared from : http://www.kalerkantho.com

No comments:

Post a Comment